রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। পরে র্যাব-২–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দোষ স্বীকারের ভিত্তিতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি বলেন, আগারগাঁও পাসপোর্ট অফিস এবং আশপাশের ব্যাংকগুলোতে অবস্থান করে চক্রটি পাসপোর্ট ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি দেখানো কিংবা ভুয়া কাগজের সমস্যা তুলে ধরে হয়রানি করতো। এমনকি পাঁচ থেকে ছয় হাজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়াই অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ফাঁদে ফেলত।
পাসপোর্ট আবেদনকারীরা দালালদের ফাঁদে না পড়লে তাদের নানাভাবে বিরক্ত করা হতো। একপর্যায়ে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো। র্যাব জানায়, এসব বিষয়ে সরকারের তরফ থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হলেও চক্রটি গণউপদ্রব চালিয়ে যেতে থাকে। সাধারণ মানুষ বারবার প্রতারণার শিকার হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অভিযানে নামে। র্যাব জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

