মাতারবাড়ী সমুদ্রবন্দরসহ একাধিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মহেশখালীকে দ্রুত একটি শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তরের কার্যক্রম চলছে। এ লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
অধ্যাদেশে বলা হয়েছে, মহেশখালী এলাকায় নানা খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে রয়েছে মাতারবাড়ী সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো উন্নয়নসহ একাধিক প্রকল্প। এসব উদ্যোগের মাধ্যমে অঞ্চলটিকে একটি পূর্ণাঙ্গ শিল্প ও বাণিজ্যিক এলাকায় পরিণত করার কাজ এগিয়ে যাচ্ছে।
এ কার্যক্রমে সমন্বয় আনতে এবং উন্নয়নকে সুপরিকল্পিতভাবে পরিচালনার জন্য একটি উপযুক্ত কর্তৃপক্ষ গঠনের প্রয়োজনীয়তা উঠে এসেছে অধ্যাদেশে। একইসঙ্গে মহেশখালীর উন্নয়ন কর্মকাণ্ড সুনির্দিষ্টভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় বিধি-বিধান প্রণয়নের কথা বলা হয়েছে। সংসদ ভাঙা থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন।

