আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নীতিমালায় ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার, ভোটকেন্দ্রে প্রবেশ ও সরাসরি সম্প্রচারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে গোপন কক্ষে ছবি তোলা ও সরাসরি সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
গতকাল বুধবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’ প্রকাশ করা হয়। এতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের সই রয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদন করে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সাংবাদিকরা পাস কার্ড, মোটরসাইকেল ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে পারবেন। এ সুবিধা প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি সাংবাদিকদের জন্য প্রযোজ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই নীতিমালা প্রণয়ন করা হলেও এটি স্থানীয় সরকার পর্যায়ের সব নির্বাচন—জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও কার্যকর হবে।
যা করা যাবে:
- বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
- প্রিসাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করা যাবে।
- ভোট গণনার সময় উপস্থিত থাকা ও ছবি তোলা যাবে।
- ভোটকক্ষের বাইরে নিরাপদ দূরত্বে থেকে সরাসরি সম্প্রচার করা যাবে।
যা করা যাবে না:
- গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
- একসঙ্গে দুটি প্রতিষ্ঠানের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না।
- ভোটকক্ষে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না।
- সেখানে কোনো সাক্ষাৎকার নেওয়া যাবে না।
- ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।
- সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোটকক্ষের ভেতর থেকে লাইভ করা যাবে না।
নতুন নীতিমালাটি নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের দায়িত্বশীল ও সুশৃঙ্খল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যেই তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

