ঢাকার আশুলিয়া থানার রাসেল গাজী হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার অনুমোদন দেন।
আদালতে হাজির করার পর মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখান এবং পরে কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগমের ছেলে মো. রাসেল গাজী পেটে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে পল্লীবিদ্যুৎ হাবিব ক্লিনিকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল এবং এরপর সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে একই দিনে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল গাজী এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে ৮ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

