বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছাল। এটি নিয়ে ৮৭তমবারের মতো সময় পিছিয়ে দেওয়া হলো। আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথা ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি।
এর ফলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত নতুন করে আগামী ২৬ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এর পরদিন, ১৬ মার্চ আদালত মামলার তদন্তভার সিআইডিকে দেয়। তখন থেকে সিআইডিই মামলাটি তদন্ত করছে।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের একটি হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা একটি চক্রের সহায়তায় এই অর্থপাচার ঘটে।

