গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে হবে—এমন বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংশোধিত বিধানের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘এখন থেকে যিনি গ্রেপ্তার করতে যাবেন, তাঁর সঠিক পরিচয় থাকতে হবে। পুলিশের পোশাকে নেমপ্লেট থাকতে হবে, সঙ্গে থাকতে হবে আইডি কার্ড, যা চাওয়া মাত্র দেখাতে হবে।’
আইন উপদেষ্টা জানান, কাউকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে গেলে ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারকে বিষয়টি জানাতে হবে। কোনোভাবেই এই সময়সীমা অতিক্রম করা যাবে না। গ্রেপ্তার ব্যক্তির অসুস্থতা অনুভব করলে তাকে চিকিৎসা দিতে হবে। তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের কারণ, কে গ্রেপ্তার করেছে, পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে—এই সব তথ্য লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। সেই সঙ্গে গ্রেপ্তারকৃতদের তালিকাও পুলিশ সদর দপ্তরে সংরক্ষিত থাকবে।’
৫৪ ধারা সংশোধনের বিষয়েও তিনি বলেন, ‘যদি কেউ পুলিশের সামনে অপরাধ করে বা পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে।’ এছাড়া অনলাইনে বেইল বন্ড (জামিন সংক্রান্ত দলিল) এবং ডিজিটাল সমন চালু করার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

