রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও ও আদাবর এলাকায় গোপন অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুরের সাবেক কমিশনার ও আলোচিত সন্ত্রাসী তারেকুজ্জামান রাজীবের সহযোগী, যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)। তাঁর সঙ্গে আরও গ্রেপ্তার হয়েছেন মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে র্যাব-২ এর একটি দল মোহাম্মদপুরের সাত মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করে। এরপর কৃষি মার্কেট, তেজগাঁও শিল্পাঞ্চল ও বসিলা এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমসহ বেআইনি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।
এছাড়াও র্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে এবং এই চক্রের আরও সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

