স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গত এক মাসে ভারত থেকে প্রায় ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই প্রবণতা কিছুটা কমে এসেছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় নারায়ণের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “ভারতে যেসব বাংলাদেশি রয়েছে, তাদের তো একসময় ফিরিয়ে আনতেই হবে। সেটা ১০ কিংবা ২০ বছর পর হলেও। তবে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠানো হচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। আমরা তাদের ফেরত পাঠাচ্ছি।” স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা ভারতকে অনুরোধ করেছি যেন কোনো বাংলাদেশিকে ফিরিয়ে দিলে তা নিয়ম মেনে করে। যেমনটা আমরা ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে করি। কিন্তু তারা নদীর পাড়ে কিংবা জঙ্গলে ফেলে যাচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। আমরা এ বিষয়ে বারবার প্রতিবাদ জানাচ্ছি। যার ফলে এখন পুশইনের হার কিছুটা কমেছে।”
ঢাকার মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, “এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।” ঘটনার তদন্তে একটি টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই অপরাধে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। এমনকি কেউ যদি অবহেলা করে দায়িত্ব পালন করে থাকে, তাকেও শাস্তির আওতায় আনা হবে।”
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপারেশন অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

