ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক পাচারকারী একটি থলে ফেলে পালিয়ে যায়। পরে থলেটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব বারের মোট ওজন ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম।
উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণ বার গুলো ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

