ঢাকার কাফরুল ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মনিরুল ইসলাম ওরফে মনির (৩২), ইসমাইল হোসেন ওরফে সাজু (৩০), রাকিব মিয়া (২২), আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮), সোহাগ হাওলাদার (৪২) এবং আব্দুল্লাহ ওরফে উত্তম কুমার (২৪)।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ শনিবার (২৬ জুলাই) ভোরে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে মনিরুল, ইসমাইল, রাকিব ও কুদ্দুচকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরপর একই দিন সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে সোহাগ ও আব্দুল্লাহকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ডিবি কর্মকর্তার ভাষ্য, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা হবিগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে রাজধানীতে পাইকারি ও খুচরা বিক্রি করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

