রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পাঁচ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার (২৭ জুলাই) রাতে গুলশান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে এই মামলা করেছেন। তিনি বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে পাঁচজনের নামে মামলা নেওয়া হয়েছে। যেহেতু মামলা হয়েছে, তারা গ্রেফতার দেখানো হয়েছে।’
আটক পাঁচজনই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সঙ্গে জড়িত। তারা হলেন—ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন ও সাদাব, জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং আমিনুল ইসলাম। এর আগে গতকাল শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে গুলশানের ওই বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার আনতে আসে পাঁচ যুবক। এ সময় বাড়ির লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নেয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘সম্প্রতি তারা সমন্বয়ক পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে। সে সময় তিনি বাসায় ছিলেন না। তার স্বামীর কাছেই তারা এই টাকা দাবি করে। কয়েক দিন আগে তারা ওই বাসা থেকে ১০ লাখ টাকা নিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘ঘটনার রাতে আবার স্বর্ণালঙ্কার নিতে এলে পুলিশ গিয়ে তাদের আটক করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

