বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক হিসেবে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার, ২৭ জুলাই, মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমানকে এসোসিয়েশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্ব হবে আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিষয়টি মন্ত্রণালয়কে জানানো।
এই সিদ্ধান্তের মাধ্যমে এসোসিয়েশনের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের পথ খুলে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসক হিসেবে মুস্তাফিজুর রহমানের দায়িত্ব গ্রহণে সংগঠনের সদস্যদের মধ্যে স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে।

