ময়মনসিংহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি জানান, মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষ যে ‘লিভ টু আপিল’ করেছিল, সেটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। মামলাটির সূচনা হয়েছিল ২০১০ সালে, এক বক্তব্যকে ঘিরে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করা হয়। পরে, মামলাটি বাতিলের দাবিতে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট ২০২৩ সালের ২৪ অক্টোবর মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন।
এরপর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের অনুমতি চেয়ে ‘লিভ টু আপিল’ করে। এটি ২০২৫ সালের ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। চেম্বার আদালত ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেন।
সে অনুযায়ী (আজ) রবিবার মামলাটি কার্যতালিকায় আসে এবং শুনানি শেষে আপিল বিভাগ মামলাটি বাতিলের হাইকোর্টের আদেশ বহাল রাখেন। অধ্যাপক ইউনূসের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তৌফিক হোসেন।

