চলতি সপ্তাহে পাকিস্তান-ইরান সীমান্ত অতিক্রমের সময় ৩৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এবং আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস (এফসি)। গত ২৩ জুলাই বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান এলাকার কাছে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সরকারি সূত্র জানিয়েছে, অভিযানের সময় আটককৃতরা চাগাই জেলার মাসকিল এলাকা দিয়ে দলবদ্ধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। এলাকাটি আগে থেকেই অনিয়মিত অভিবাসীদের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে পরিচিত। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ অঞ্চল দিয়ে প্রায়ই অবৈধ অভিবাসনের ঘটনা ঘটে থাকে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির খবরে বলা হয়, ওই বাংলাদেশিরা বৈধ ভিসায় গত জুন ও চলতি জুলাই মাসে পাকিস্তানে প্রবেশ করেন। কিন্তু পরবর্তীতে তারা যথাযথ কাগজপত্র এবং বৈধ ছাড়পত্র ছাড়াই ইরানে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীরা তাদেরকে পথরোধ করলে তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন।
এফসি ও এফআইএর যৌথ অভিযানে সরাসরি ঘটনাস্থল থেকে সবাইকে আটক করা হয়। পরে তাদেরকে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা মানবপাচার চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
পাকিস্তান সরকারের অভিবাসনবিরোধী নজরদারি ও সীমান্ত নিরাপত্তা সম্প্রতি আরো কঠোর করা হয়েছে। বিশেষ করে ইরান সীমান্ত এলাকায় অনিয়মিত অনুপ্রবেশ প্রতিরোধে বাড়ানো হয়েছে যৌথ অভিযান ও গোয়েন্দা নজরদারি।
বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনাটি উভয় দেশের কূটনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এ বিষয়ে এখনো বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

