গোপালগঞ্জে সংঘাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৯ শিশুকে গ্রেফতারের ঘটনায় শিশু আইন যথাযথভাবে মানা হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ রোববার, ২৭ জুলাই হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনূন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী উৎপল বিশ্বাস ও আবিদা গুলরুখ। তারা ২১ জুলাই এ বিষয়ে একটি রিট আবেদন করেন। রিট আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র, আইন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের আটটি সংস্থাকে।
গোপালগঞ্জে এনসিপির (ন্যাশনাল চেঞ্জ পার্টি) একটি সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনায় ৫টি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ১০ হাজার ১৩৭ জনকে আসামি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩১৪ জনকে, যাদের মধ্যে রয়েছে ৯ জন শিশু।

