বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুদক দু’টি মামলা করেছে। অভিযোগ অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আখতার হোসেন এ তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে তার জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার নামে থাকা ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে।
দ্বিতীয় মামলায় উভয়েই আসামি করা হয়েছে। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, তাহমিদা বেগম তার জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯২ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ৩২টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের কথাও বলা হয়েছে। দুদক উপ-পরিচালক তানজির হাসিব সরকার এই দুটি মামলা করেছেন। মামলাগুলো দুদক আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী করা হয়েছে।

