বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গতকাল রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই মিরপুর মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ।
থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাসকিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে থানার কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। জিডিতে সৌরভ উল্লেখ করেছেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নেন এবং সেখানে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। এ ছাড়া তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। সূত্র জানায়, তাসকিন ও সৌরভ আগে বন্ধু ছিলেন।
ঘটনার বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপেও সাড়া মেলেনি। একইভাবে তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, তাসকিন আহমেদ ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন। জাতীয় দলের একজন ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিস্মিত হয়েছেন অনেকেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা না গেলেও বিষয়টি নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

