আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৪ আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
প্রধান বিচারপতির নেতৃত্বে ‘বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটি’র সদস্যরা বঙ্গভবনে গিয়ে এ প্রতিবেদন হস্তান্তর করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন পেশের সময় উপস্থিত ছিলেন—কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এই বার্ষিক প্রতিবেদনে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম, বিচারিক কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়। বিচার বিভাগের প্রধান হিসেবে প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন প্রধান বিচারপতি।

