পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে পূর্বাচলের জীববৈচিত্র্যপূর্ণ এলাকায় বড় আকারের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযানে অবৈধ দখলকৃত ১৪৪ একর জমির মধ্যে থেকে ৪.৬ একর ভূমি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪৪টি পরিবারের ১৫৫টি ঘর উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। এই অভিযান সফল হওয়ায় পূর্বাচলের ১৪৪ একর বনভূমি অবৈধ দখলমুক্ত হলো।
অভিযানটির নেতৃত্ব দিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা শাখা। এ কাজে সহযোগিতা করেছেন রূপগঞ্জ আর্মি ক্যাম্প, র্যাব-১, বিজিবি, কালিগঞ্জ উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা পুলিশ, রাজউক ও বন বিভাগ। মন্ত্রণালয় জানিয়েছে, বনভূমি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

