দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চার কর্মকর্তার বিরুদ্ধে ১৬ বছর ধরে ৭ একর সরকারি জমি দখল রেখে ভাড়া আদায় ও ৩৭ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।
মামলার আসামিদের মধ্যে আছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা ডিভিশন-১ এর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, একই প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী ও প্রকৌশল ও সমন্বয় বিভাগের সদস্য কাজী মো. আবু হানিফ এবং ঢাকা সার্কেলের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে দায়িত্বে থেকে সরকারি জমি দখলে রাখতে সহায়তা করেছেন। ইলিয়াস উদ্দিন মোল্লা ১৬ বছর ধরে মিরপুরের ঝিলপাড় এলাকার প্রায় সাত একর সরকারি জমি অবৈধভাবে দখল করে সেখানে গড়ে ওঠা স্থাপনা থেকে ভাড়া আদায় করে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা অর্থ আত্মসাৎ করেছেন।
সরকারি দায়িত্বে থাকা অপর তিন আসামি ক্ষমতার অপব্যবহার করে সরকারের নির্দেশনা অমান্য করেছেন। তারা ইলিয়াস উদ্দিন মোল্লাকে সুবিধা দিয়ে তাকে শাস্তি থেকে রক্ষা করার জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন। আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯, ২১৭ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

