চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ বা তার অন্তত ১৪টি গোষ্ঠীরও ক্ষমতা নেই টাকা দিয়ে আমাদের টিমকে কিনতে। সম্পদ বা অন্য কোনো প্রলোভনে কেউ সফল হবে না। ভয়ভীতি দেখিয়েও কেউ বিরত রাখতে পারবে না।
গত শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে’ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম আরও জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার বিচার চলছে। কেউ বলছে, বিচার প্রক্রিয়া বিলম্বিত। এ বিষয়ে তিনি বলেন, আগামী ৩-৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী আদালতে জবানবন্দি দেবেন। সে দিন গোটা জাতি টেলিভিশনে সরাসরি বিচার দেখবে। চাইলে আদালতেও উপস্থিত থাকতে পারবেন।
তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, আমরা পরিষ্কার আয়নার মতো প্রমাণ দেখাতে পারব বিশ্বকে, শেখ হাসিনা কী অপরাধ করেছেন, তার প্রমাণ ও শাস্তি কী হওয়া উচিত।” কেউ প্রশ্ন করেন, এক বছর পার হলেও কেন বিচার শেষ হয়নি। তাজুল ইসলাম বলেন, “গণহত্যার মামলার বিচার এক বছরে সম্ভব না। যদি যেতো, তা হলে সেটা ভ্রাম্যমাণ আদালতের মতো বিচার হতো।” তিনি জনগণকে বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে বলেন, “শহিদদের রক্তের সঙ্গে বেইমানি হবে না। শহিদদের স্বপ্ন আমাদের মাধ্যমে বাস্তব হবে ইনশাআল্লাহ।”

