জুলাই গণহত্যার বিচারে প্রধান অভিযুক্তদের রায় আগামী ডিসেম্বরের মধ্যেই পাওয়া যেতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “শহীদদের পরিবার ও ভিকটিমদের আবেগ ও বিচারের দাবি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিচারপ্রক্রিয়ায় আইন, আন্তর্জাতিক মানদণ্ড ও আসামিদের অধিকারও সমান গুরুত্ব পায়। এসব দিক বিবেচনায় আমরা প্রয়োজনীয় সময় নিয়েছি এবং নিচ্ছি। তবে এর মানে এই নয় যে, বিচার দীর্ঘসূত্রিতায় পড়বে।” তিনি আরও বলেন, “বিচারযুদ্ধের এই গণহত্যার শীর্ষ কমান্ডারসহ বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলেই আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”

