গত বছরের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম শাহবাগ থানায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়।
ঢাকার একটি আদালত আজ বুধবার (৩০ জুলাই) সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরি করার মাধ্যমে আইন লঙ্ঘন করেছেন তিনি।
শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক মো. জিন্নাত জানান, আজ সাবেক প্রধান বিচারপতিকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করে। ওইদিন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্র করে যাত্রাবাড়ী থানায় দায়ের করা কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

