ঢাকার গুলশান থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আবদুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক জব্দ করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “রিয়াদের বাসা থেকে একটি বড় অঙ্কের চেক উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রিয়াদ বর্তমানে রিমান্ডে রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” এর আগে ২৬ জুলাই গুলশানের ৮৩ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফ্ল্যাটটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের মালিকানাধীন।

