আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সবকিছু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কোনো হুমকি নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে।”
বিশেষ অভিযান প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা আরও বলেন, “রাজধানীর নিরাপত্তা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যে বিশেষ অভিযানের উদ্যোগ নিয়েছে, তা তাদের নিজস্ব বিষয়। প্রয়োজন অনুযায়ী তারা এ ধরনের অভিযান পরিচালনা করতে পারে।”

