গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা জানান, উপজেলার প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এতে সড়ক ও জনপদ বিভাগের দুই একর জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে। এর আগে ব্যবসায়ীদের কাছে চিঠি দেয়া ও মাইকিংয়ের মাধ্যমে জানানো হলে তারা নিজেদের মালামাল সরিয়ে নেয়।
এই অভিযানে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

