বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভনে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দশটি মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে গ্রেপ্তার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। গুলশান থানার আটটি এবং শাহ আলী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানির সময় তাকে সিএমএম আদালতের চতুর্থ তলায় তিন নাম্বার কক্ষে হাজির করা হয়। ভুক্তভোগীদের আনাগোনা কক্ষে ভীড় সৃষ্টি করলে নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা তাদের বাইরে নিয়ে যান। পরে বিচারক এজলাসে উঠেন।
গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার পুলিশ উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিভিন্ন মামলার নম্বর উল্লেখ করে নথি আদালতের সামনে উপস্থাপন করেন। তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর কারণ ব্যাখ্যা করলে আদালত তাকে গ্রেপ্তার দেখান।
গত ১৪ জুলাই দুপুরে ধানমন্ডির একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ কারাগারে পাঠানোর আবেদন করেন। সেই অনুযায়ী আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

