ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)-এর অধীনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডর নির্মাণের জন্য জমি অধিগ্রহণে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার, ৩১ জুলাই দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করে। মামলায় আসামি করা হয়েছে ঢাকার লালবাগের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীনকে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে, আসামি রিয়াজ উদ্দীন জমির মূল দলিল হারিয়ে গেছে বলে রূপগঞ্জ থানায় পাঁচটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি সাব-রেজিস্ট্রার অফিস থেকে দলিলগুলোর সত্যায়িত কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন এবং সরকারের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৫ কোটি টাকা উত্তোলন করেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, ওই জমিগুলো এরই মধ্যে সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল। বন্ধকী দলিল এখনো সক্রিয় থাকলেও মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন রিয়াজ উদ্দীন।

