দুর্নীতি দমন কমিশন (দুদক) ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা একযোগে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ৩৩.৫৬ শতাংশ জমি ও ভবন ২০৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকায় কেনাবেচা করেন। তদন্তে জানা যায়, প্রায় ৪৫ কোটি টাকা সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাতদের নামে হস্তান্তর করা হয়। এই অর্থ স্থানান্তর করে তারা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস, প্রকৃতি ও অবস্থান গোপন করার চেষ্টা করেন।
মামলায় আরও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে ফারইস্ট ইসলামী লাইফের সাবেক পরিচালকরা— মো. হেলাল মিয়া, শারিয়ার খালেদ, মিসেস নাজনীন হোসেন, খন্দকার মোস্তাক মাহমুদ, ডা. মো. মনোয়ার হোসেন, কে এম খালেদ, এম এ খালেক, প্রফেসর ড. ইফফাৎ জাহান, মো. মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, মিসেস রাবেয়া বেগম, ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন, কাজী ফরিদ উদ্দিন আহমেদ, মো. হেমায়েত উল্লাহ, সৈয়দ আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আমির হোসেন, তাসলিমা ইসলাম, সাবিহা খালেক, সারওয়াৎ খালেদ সিমিন, মো. আজহার খান, মো. সোহেল খান, গোলাম কিবরিয়া ও এস এম মোর্শেদ।
দুদক অভিযোগ করেছে, আসামিরা দুর্নীতি প্রতিরোধ আইন, দণ্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে, তারা অবৈধ উপায়ে অর্থ আয় ও স্থানান্তর করে আইনের শাসন অবহেলা করেছেন।

