খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম জেমসিং ত্রিপুরা (৪৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইনগরবাড়ি থানার দেশপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে জেমসিং ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি লোগাং বাজার থেকে দুটি ছাগল কিনে ভারতে ফেরার সময় বৌদ্ধনগরপাড়া বিওপির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার আব্দুল আলীম।
আটকের সময় জেমসিংয়ের কাছ থেকে দুটি ছাগল জব্দ করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থার জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
এবিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “আটক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হবে।”

