মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাকে ২৪২.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার একটি আদালত। ২০১৯ সালের এক প্রাণঘাতী দুর্ঘটনায় টেসলার ‘অটোপাইলট’ চালক সহায়ক প্রযুক্তিকে আংশিকভাবে দায়ী করে গতকাল শুক্রবার (১ আগস্ট) এ রায় দেন জুরি।
মামলার বিবরণ অনুযায়ী, নাইবেল বেনাভিডেস লিওন নামের এক ব্যক্তি ওই দুর্ঘটনায় নিহত হন। তার প্রেমিক ডিলন অ্যাঙ্গুলো গুরুতর আহত হন। তারা দু’জনই একটি শেভ্রোলেট এসইউভিতে ছিলেন, যেটি টেসলার গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে। দুর্ঘটনার সময় টেসলার গাড়িটি চালাচ্ছিলেন জর্জ ম্যাকগি।
লিওন ও অ্যাঙ্গুলোর পরিবারের পক্ষ থেকে করা মামলায় অভিযোগ করা হয়, টেসলার ‘অটোপাইলট’ প্রযুক্তি সঠিকভাবে কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে। বাদীপক্ষের আইনজীবী ড্যারেন জেফ্রি রুসো জানান, জুরি টেসলাকে এক-তৃতীয়াংশ দায়ী করেছে। ফলে ক্ষতিপূরণ কিছুটা কমে দাঁড়িয়েছে ২৪২.৫ মিলিয়ন ডলার। আদালতের নথি অনুযায়ী, প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পাশাপাশি লিওনের পরিবারকে ৫৯ মিলিয়ন ডলার এবং অ্যাঙ্গুলোকে ৭০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবী রুসো বলেন, “জুরি সমস্ত প্রমাণ শুনেছেন। আমাদের ক্লায়েন্টদের পক্ষে এটি একটি ন্যায্য ও সঠিক রায়।” তবে রায়কে ‘ভুল’ আখ্যা দিয়ে টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত গাড়ি নিরাপত্তা প্রযুক্তির অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
এক বিবৃতিতে টেসলা জানায়, “প্রমাণে পরিষ্কার, এই দুর্ঘটনার জন্য চালকই পুরোপুরি দায়ী। তিনি গতি অতিক্রম করছিলেন এবং অ্যাক্সেলেটরে চাপ দিয়ে অটোপাইলটকে নিষ্ক্রিয় করে ফেলেছিলেন। এমনকি তার মনোযোগ ছিল না রাস্তায়, বরং পড়ে যাওয়া মোবাইল খুঁজছিলেন।”
টেসলা আরও দাবি করে, “২০১৯ সালে বা এখন—কোনো গাড়িই এই দুর্ঘটনা ঠেকাতে পারত না। এটি কখনই ‘অটোপাইলট’ ইস্যু ছিল না।” রায়ের বিরুদ্ধে টেসলার আইনজীবীরা আপিল করবেন বলে জানিয়েছেন।

