ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভাঙচুরের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার, ২ আগস্ট সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে, ওই দিন ট্রানজিট টার্মিনালের একটি কাচের দেয়াল ভাঙার চেষ্টা করেন অভিযুক্ত। এতে মুহূর্তেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন তিনি। এরপর সেখান থেকে ঢাকা ফেরার কথা ছিল কানেকটিং ফ্লাইটে।
কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষার সময় হঠাৎ করেই তিনি কাচের দেয়াল ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। তৎক্ষণাৎ তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)।
আটকের সময় আশরাফুল অসংলগ্ন কথা বলছিলেন। এতে তার মানসিক ভারসাম্য নিয়ে সন্দেহ দেখা দেয় নিরাপত্তারক্ষীদের মধ্যে। পরে তাকে হস্তান্তর করা হয় বিমানবন্দর পুলিশ স্টেশনে। সেখানে বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। জানা গেছে, আশরাফুল সিঙ্গাপুরে বসবাস করতেন এবং কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে।
এ ঘটনার প্রেক্ষাপটে আরও একটি প্রসঙ্গ সামনে এসেছে। গত এক বছর ধরে ভারতে বাংলাদেশ বিরোধী মনোভাব বেড়েছে। এমনকি বাংলাভাষী ভারতীয়দেরও ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে, যাদের প্রকৃত পরিচয় ভারতীয়। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে উত্তেজনা বিরাজ করছে।

