জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ রোববার, ৩ আগস্ট সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের আগে এই দাবি জানান তিনি।
বেলা সোয়া ১১টার দিকে শুনানি শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে সভাপতিত্ব করছেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, প্রসিকিউশনের সদস্যরা, তদন্ত সংস্থার প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা। বাংলাদেশ টেলিভিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে সূচনা বক্তব্যটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

