বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আইনজীবী, বিচারপ্রার্থী ও কর্মরতদের জন্য পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আগত সবাইকে নিজের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হচ্ছে।
আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ নির্দেশনার আওতায় থাকবেন। সার্কুলারে আরও বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী চাইলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট বা অফিসিয়াল আইডি দেখাতে হবে। সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ বলেছে, আদালতের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

