আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এসব অস্ত্র উদ্ধার করতেই অভিযান চলছে। তাই জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”
৫ আগস্ট নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “৩ আগস্টকে কেন্দ্র করেও একটা আতঙ্ক ছিল। তবে আল্লাহর রহমতে বড় কোনো সমস্যা হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে গেছে। এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছি।”
তবে কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে জানান তিনি। “আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কি না, সেটা আপনারাই ভালো বলতে পারবেন,”— বলেন উপদেষ্টা। সব রাজনৈতিক দলকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে কি না— এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা সবাইকে নিরাপত্তা দিচ্ছি। যে বেশি ঝুঁকিতে থাকে, তাকে বেশি নিরাপত্তা দেওয়া হয়। যার ঝুঁকি কম, তার ক্ষেত্রে সেটাও বিবেচনায় রাখা হয়।” এদিকে, বৈঠকে বিএনপির জুলাই সনদে স্বাক্ষরের প্রস্তুতির বিষয়েও আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

