চট্টগ্রামের আনোয়ারায় ২০১১ সালের একটি হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন তিনজন। আজ সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) ও মো. সোলায়মান। অপরদিকে খালাস পেয়েছেন—আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।
আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানিয়েছেন, রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদু শুক্কুরকে তার বাসা থেকে ফোন করে ডেকে নেওয়া হয়। এরপর তাকে হত্যা করা হয়।
দুই দিন পর, ২১ আগস্ট চাতরি এলাকার একটি স্থানে শুক্কুরের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে মো. মিজান আনোয়ারা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্তে জানতে পারে, পার্শ্ববর্তী খালে জাল দেওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে শুক্কুরকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

