জাতীয় নির্বাচনের আগে জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির দিকনির্দেশনামূলক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “এসপি ও ওসিদের বদলি ও পদায়নের ক্ষমতা আমার হাতে রয়েছে। তাই নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে এসব বদলি করা হবে। প্রক্রিয়াটি হবে স্বচ্ছ ও সবার সামনে। লটারির সময় সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও উপস্থিত রাখা হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এদের সবাইকে নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরো বলেন, “প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে যে দিকনির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজকের বৈঠক হয়েছে। নির্বাচনের আগে যেসব লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, সেগুলো নিশ্চিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।” স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে।

