দুর্নীতি দমন কমিশনের চাহিদার পত্রের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবি এর যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, “দুদকের তদন্তাধীন একটি দুর্নীতির মামলায় রিকুইজিশনের (চাহিদাপত্র) ভিত্তিতে ডিবি অভিযান চালায়। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে মোহাম্মদপুরের বাসা থেকে অধ্যাপক কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।”
অধ্যাপক কলিমুল্লাহ ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দায়িত্বকালীন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যেগুলোর তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।

