আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের সদস্যদের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল বুধবার, ৬ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।
আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক। আবেদনে বলা হয়, শেখ ফজলুল করিম সেলিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগ অনুসন্ধানের জন্য একটি টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, তারা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সম্পদ স্থানান্তর হয়ে গেলে তা ভবিষ্যতে উদ্ধার করা কঠিন হবে। এজন্য অবিলম্বে ব্যাংক হিসাব ও বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেন।

