মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও অন্যান্য পণ্য চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) বিমান নিরাপত্তা সংস্থা এভিএসইসি’র সহযোগিতায় প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রোফাইলিংয়ের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৮৭ হাজার ৭৪২ রিঙ্গিত মূল্যের পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— তিনটি সোনার গহনা (মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার রিঙ্গিত), বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন (মূল্য ২২ হাজার ৭০০ রিঙ্গিত), নগদ ৫ হাজার ৪২ রিঙ্গিত এবং বাংলাদেশি নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট।
একেপিএস জানায়, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে তিনজন পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের নিয়ম ৩৯(খ) ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। অপরজন বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও থাকার অভিযোগে একই আইনের ধারা ৬(১)(গ) এর অধীনে তদন্তের মুখোমুখি।
গ্রেপ্তারের পর একটি পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়েছে। চারজনকেই আরও তদন্ত ও বিচারের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এনফোর্সমেন্ট শাখায় হস্তান্তর করা হয়েছে।

