ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তপন ফেনী মডেল থানায় করা হত্যাকাণ্ডের মামলার এজাহারনামীয় আসামি। তিনি ছাগলনাইয়া থানায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলাতেও নাম রয়েছে।
আজ (শনিবার) দুপুরে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শুক্রবার রাতে রাজধানীর শান্তিনগরের নিজ বাসা থেকে তপনকে গ্রেপ্তার করা হয়।
ওসি সামসুজ্জামান বলেন, তপনকে গ্রেপ্তার করার সময় ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলাও তার বিরুদ্ধে রয়েছে। পুলিশ তাকে ফেনীতে আনার জন্য ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। ফেনী পৌঁছানোর পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

