চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রূপা জব্দ করেছে। এ সময় এক সন্দেহভাজন চোরাকারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
আজ শনিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে এই রূপা উদ্ধার করে। বিজিবি চুয়াডাঙ্গা-৬ বিভাগের সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দামুড়হুদা সীমান্ত দিয়ে রূপা চোরাচালানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাওয়া এক সন্দেহভাজনকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করেন।
বিজিবির ধাওয়ায় ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পাটক্ষেতে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশির সময় অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮ কেজি ৯০০ গ্রাম ওজনের দানাদার রূপা উদ্ধার করা হয়। এ রূপার বাজার মূল্য প্রায় ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত রূপা বর্তমানে সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

