গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত স্বাধীন। আজ (শনিবার) সকাল ১১টায় পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১-এর গাজীপুর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী এই তথ্য জানান।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে স্বাধীনকে শনাক্ত করা হয়। গতকাল শুক্রবার রাত গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাধীন এই মামলার সাত আসামির একজন এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। র্যাব কর্মকর্তা জানান, রাতভর জিজ্ঞাসাবাদের সময় স্বাধীন হত্যার দায় স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তুহিনকে হত্যার কারণ ছিল ছিনতাইয়ের ভিডিও ধারণ।
মামুন খান চিশতী বলেন, ‘চক্রের নারী সদস্য বাদশাহ নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিলেন। বাদশাহ ওই নারীকে আঘাত করলে বাকি চক্র সদস্যরা ছুরি নিয়ে তাকে ধাওয়া করে। এ সময় তুহিন বিষয়টি ভিডিও করছিলেন। ভিডিও করার কথা টের পেয়ে চক্রের সদস্যরা তুহিনের ওপর হামলা চালায়।’ তিনি আরো জানান, সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার কারণ পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভিতরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তুহিন ছিলেন দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার।

