ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা ৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) সরকার অবসর দিয়েছেন। এদের বেশিরভাগই বিগত সরকারের সময় ঢাকার মধ্যেই দায়িত্বে ছিলেন এবং খুব কমই বাইরে বদলি হয়েছিলেন।
আজ রবিবার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ সংক্রান্ত ৯টি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনি এই প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই অবসর প্রদান করা হয়েছে।
অবসরপ্রাপ্ত ওসিদের মধ্যে রয়েছেন যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির মো. কামাল হোসেন, সিআইডির মৌলভীবাজারের নুরুল ইসলাম, মধুপুর সার্কেলের আবু বকর সিদ্দিক, ট্যুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের মামুন অর রশিদ, নারায়ণগঞ্জের এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন ৪ এর শিকদার মো. শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার মো. সেলিমুজ্জামান।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, তারা সরকারি বিধি মোতাবেক অবসরজনিত সমস্ত সুবিধা পাবেন এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে।

