জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পরে এ কথা জানান।
তিনি বলেন, “যেসব অস্ত্র হারিয়ে গেছে, সেগুলো উদ্ধারের জন্য আমরা একটি সার্কুলার জারি করব। সেই সঙ্গে পুরস্কার ঘোষণা করা হবে। তথ্য দেওয়ার মাধ্যমে যারা সাহায্য করবেন, তাদেরকে অর্থ পুরস্কার দেওয়া হবে। তার পরিমাণ নির্ধারণে আমরা একটি কমিটি গঠন করেছি। কয়েক দিনের মধ্যে গণমাধ্যমে বিস্তারিত ঘোষণা দেব।” উপদেষ্টা জানিয়েছেন, এখনো ৭০০টির বেশি পুলিশের অস্ত্রের সন্ধান মেলেনি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর পুলিশ জানায়, বিভিন্ন থানা ও ফাঁড়িসহ দেশের পুলিশের স্থাপনা থেকে মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদ লুট হয়ে গেছে।
লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, স্মল মেশিন গান (এসএমজি), লাইট মেশিন গান (এলএমজি), পিস্তল, শটগান, গ্যাস গান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, গ্যাস স্প্রে, সাউন্ড গ্রেনেড এবং বিভিন্ন বোরের গুলি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

