বনানী থানায় চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু গ্রেপ্তার হয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আজ রোববার (১০ আগস্ট) পুলিশি আবেদনের পর গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন আদালতে তাকে হাজির করে গ্রেপ্তার আবেদন করেন। এর আগে, গত বছরের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে মোজাম্মেল বাবুকে আটক করা হয়। পরের দিন রমনা থানার একটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর হয় তার জন্য। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৭ সালের ১৭ মার্চ সেনা সমর্থিত সরকারের সময় মোজাম্মেল বাবু বৈশাখী টিভির অফিসে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি তিনি বৈশাখী টিভির শেয়ারহোল্ডার করতে চাপ দেন। এক পর্যায়ে তিন লাখ টাকার শেয়ারের ফরমে তার স্বাক্ষর নেয়া হয় এবং আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান। এই ঘটনায় চলতি বছরের ১১ জানুয়ারি বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির বনানী থানায় মোজাম্মেল বাবু ও আরও দুইজনকে আসামি করে মামলা করেন।

