গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে হত্যা করা হয়েছিল পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে। এটি মানবতাবিরোধী অপরাধের অংশ বলে অভিযোগ করেছে প্রসিকিউশন। মামলার আসামিরা এই ধরনের অপরাধের অংশ জেনেও হত্যাকাণ্ড চালিয়েছে।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত এই হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই বক্তব্য উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার আটজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল বর্তমানে পলাতক।
অন্য চার আসামি—শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন এবং মো. নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

