সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে দ্রুত নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেওয়া হয়।
গত ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ ১৭ বছর আগে অনুষ্ঠিত ২৭তম বিসিএসের নিয়োগ বঞ্চিত প্রার্থীদের চাকরি পুনর্বহালের নির্দেশ দিয়েছিল। এরপরও দীর্ঘ সময় কাজটি বাস্তবায়িত না হওয়ায় বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো। এর আগে, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে ১ হাজার ১৩৭ জন প্রার্থীর পক্ষে দাখিল করা তিনটি রিভিউ আবেদন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। এই রায়ে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আইনজীবীরা জানান, দীর্ঘ আইনি লড়াই শেষে সর্বোচ্চ আদালত আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছে। এতে বলা হয়েছে, ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে।
২৭তম বিসিএসের প্রসঙ্গটি ২০০৭ সালের ২১ জানুয়ারি। ওই সময়ে প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। কিন্তু তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। পরবর্তীতে ২০০৭ সালের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন এবং পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

