খুলনায় গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে দুই কেজির বেশি ‘আইস’ মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বাসচালক বিল্লাল শেখ (৪০) ও হেলপার সুকুমার অধিকারী (৩৫)কে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসের ভেতরে একটি বিস্কুটের কার্টনের মধ্যে দুই কেজি কিছু বেশি ‘আইস’ পাওয়া যায়। জব্দকৃত মাদক দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেটে ভাগ করা ছিল।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, “যাত্রীবাহী বাস থেকে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি ‘আইস’ জব্দ করা হয়েছে। মাদকটি সাবুদানার মতো দেখতে এবং মূল্য প্রায় দুই কোটি টাকা। চালক ও হেলপারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মাদক বহনের জন্য বাসটিও জব্দ করা হয়েছে।”

