জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৬ আসামি অব্যাহতির আবেদন করেছেন।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিদের আইনজীবীরা এই আবেদন করেন। এর আগে ৭ আগস্ট রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে। উভয় পক্ষের আবেদনের পর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়ার জন্য ২১ আগস্ট তারিখ ঠিক করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ আজ এই তারিখ ধার্য করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার ১৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার এবং আটজন পলাতক। গ্রেপ্তার আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন—সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরও সাতজন।

